শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারায়ণগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শোডাউন ।
- Update Time : ০২:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৮ Time View
নারায়ণগঞ্জে হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী যুব লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় দলটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হতে দেখা গেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনটির কার্যক্রম অনেকটাই স্থবির ছিল। তবে সম্প্রতি নতুন আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা শুরু হওয়ার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে।
গত কয়েকদিনে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় অন্তত ১০টির বেশি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব মিছিলে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং দলীয় শক্তি প্রদর্শনের চেষ্টা লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য নতুন কমিটিতে স্থান পাওয়া এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই যুবলীগের বিভিন্ন গ্রুপ মাঠে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিনের নিষ্ক্রিয় সংগঠনে হঠাৎ করেই চাঙাভাব ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে মিছিলে অংশ নেওয়া একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, শহিদুল হক চৌধুরী রাসেলের নির্দেশনা ও সমন্বয়ে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শহিদুল হক চৌধুরী রাসেল বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাবিয়ে রাখা যাবে না। সামনে আরও জোরদার আন্দোলন দেখতে পাবেন। এটি জনগণের দল, দেশের আপামর জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে।”












