সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘চক্র ২’ নিয়ে দর্শকমহলে বেশ আলোচনা চলছে। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে ড. হুমায়ূন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। বৈশাখ উদযাপন, ওয়েব সিরিজ, ওটিটি ও সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে নানা কথা জানিয়েছেন তিনি।
পহেলা বৈশাখ নিয়ে তৌসিফ বলেন, এবার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। কারণ বৈশাখের দিনও নাটকের শুটিং করতে হয়েছে। তবে দিনটিকে আনন্দময় করতে বাসা থেকে পান্তা-ইলিশ খেয়ে শুটিং সেটে যান এবং সহশিল্পীদের সঙ্গে গান, আড্ডা ও উৎসবের মধ্য দিয়ে কিছুটা সময় উপভোগ করেন।
বৈশাখের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতা জানান, তার কাছে বৈশাখ মানেই রমনার বটমূল ও মেলায় ঘুরে বেড়ানো। একবার বাঘের মুখোশ পরে মেলায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তৌসিফের ভাষায়, তখন মনে হয়েছিল কেউ তাকে চিনতে পারছে না, আর সেটাই ছিল দারুণ এক অনুভূতি।
‘চক্র ২’ নিয়ে দর্শকদের বিপুল সাড়া প্রসঙ্গে তৌসিফ বলেন, দর্শকদের প্রতিটি পোস্ট, পর্যালোচনা ও আলোচনা তাকে গভীরভাবে স্পর্শ করছে। তিনি জানান, এটি তার দীর্ঘদিনের সাধনার কাজ এবং এতটা ভালোবাসা পাবেন, তা কল্পনাও করেননি।
দর্শক প্রতিক্রিয়া প্রত্যাশার চেয়েও বেশি বলে মন্তব্য করেন এই অভিনেতা। তার মতে, ঈদের সময় সিনেমার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘চক্র ২’। ওয়েব সিরিজ হিসেবে এটি তার ক্যারিয়ারের বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
‘চক্র ৩’ প্রসঙ্গে তৌসিফ জানান, নতুন কিস্তির পরিকল্পনা আগেই ছিল। ‘চক্র ২’-এর কাজ শুরুর আগেই ধারাবাহিকভাবে সিরিজটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভবিষ্যতে আরও নতুন মৌসুম আসবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
ওটিটিতে কাজ শুরু করতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৌসিফ বলেন, তিনি সময় নিয়ে কাজ করতে পছন্দ করেন। নিজের মান অনুযায়ী গল্প না পাওয়ায় এতদিন অপেক্ষা করেছেন। তবে এই সময়ে নাটকে বেশ কিছু জনপ্রিয় কাজ করেছেন, যা তাকে একজন শিল্পী হিসেবে আরও পরিণত করেছে।
ড. হুমায়ূন চরিত্র নিয়ে তিনি বলেন, চরিত্রটি ছিল বেশ চ্যালেঞ্জিং। এটি ফুটিয়ে তুলতে তাকে অনেক গবেষণা ও প্রস্তুতি নিতে হয়েছে। চরিত্রটির জটিলতা এবং ভিন্নধর্মী উপস্থাপনাকে সফল করতে পরিচালক ভিকি জাহেদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে নাটকের চেয়ে ওটিটিতে বেশি মনোযোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তৌসিফ বলেন, তিনি আগেই নাটকের কাজ কিছুটা কমিয়েছেন। কারণ একটি চরিত্রকে সময় দিয়ে পর্দায় উপস্থাপন করতে চান। ‘চক্র ২’-এর সাফল্যের পর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকেও কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানান তিনি।
সিনেমায় অভিনয়ের বিষয়ে তৌসিফ বলেন, বড় পর্দা তার কাছে অনেক বড় দায়িত্বের জায়গা। শুধু উপস্থিতির জন্য নয়, পুরোপুরি প্রস্তুত হয়েই সিনেমায় কাজ করতে চান তিনি। দর্শকদের আস্থা আরও দৃঢ় হলে এবং নিজেকে প্রস্তুত মনে করলেই বড় পর্দায় আসবেন বলে জানান এই অভিনেতা।
মন্তব্য করুন