চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকা নিয়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, নাগরিককে গুলি করে হত্যা এবং সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পরও সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে নাগরিকের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য।
তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ বহন করে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা এবং জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঘাটতির কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
এডভোকেট জুবায়ের বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে চট্টগ্রামের শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গেলে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ এবং সরকারি দলের কর্মীদের ভূমিকা ছিল অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ ও দায়িত্বশীল উপায়ে মোকাবিলা করা উচিত ছিল। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও তুলে ধরা হয়।
এর মধ্যে বগুড়ার শিবগঞ্জে জমি বিরোধে দুই চাচাতো ভাই হত্যা, সুন্দরবনে বনবিভাগের টহল দলের গুলিতে জেলের মৃত্যু, ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, নোয়াখালীর সেনবাগে ট্রাকচাপায় মাদরাসার প্রধান শিক্ষকের মৃত্যু, মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি, শেরপুরে সংঘর্ষে মৃত্যু, মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, কক্সবাজারের চকরিয়ায় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু এবং ঝিনাইদহে বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়।
এডভোকেট জুবায়ের নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, সড়ক ও মহাসড়কে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সরকার দায় এড়াতে পারে না। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
মন্তব্য করুন